
শফিকুল স্টাফ রিপোর্টারঃ
গফরগাঁও পৌর শহরের দীর্ঘদিনের যানজট নিরসন এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরজমিনে পরিদর্শন করেছেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এবং গফরগাঁও পৌরসভার প্রশাসক মোহাম্মদ ইউসুফ। জননেতা গফরগাও ১০ সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু’র বিশেষ নির্দেশনায় স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। পৌর শহরের সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এবং শহরকে সুন্দর ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার পৌর শহরের বেশ কিছু চলমান উন্নয়ন প্রকল্প ঘুরে দেখেন। এর মধ্যে শহীদ আব্দুল বেপারি গেট হতে মিনি স্টেডিয়াম পর্যন্ত চলমান আরসিসি রাস্তার কাজ এবং বেপারি গেট হতে রেল স্টেশন চত্বর হয়ে টিচার্স রোড পর্যন্ত ইউনিব্লক রাস্তার নির্মাণ কাজ সরজমিন তদারকি করেন তিনি। এ সময় কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়।
শহরের যানজট পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে পৌর প্রশাসক জানান, প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়সমূহে (বিশেষ করে জামতলা মোড়, বেপারি গেট, রেল স্টেশন চত্বর ও বুধিয়া মার্কেট সংলগ্ন এলাকা) যানজটের মূল কারণগুলো চিহ্নিত করা হয়েছে। শহরের শৃঙ্খলা ফেরাতে দ্রুতই অবৈধ পার্কিং ও হকার উচ্ছেদে কার্যকর এবং কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি যত্রতত্র অটোরিকশা ও সিএনজি থামানো বন্ধ করতে এবং নির্দিষ্ট স্ট্যান্ড ব্যতীত অন্য কোথাও পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা প্রদান করা হয়।
রেল স্টেশন এলাকার সার্বিক উন্নয়ন প্রসঙ্গে ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে স্টেশন সংলগ্ন এলাকার উন্নয়ন কাজ আরও ত্বরান্বিত করার উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের এই যৌথ ও প্রশংসনীয় উদ্যোগকে সফল করতে গফরগাঁওয়ের সচেতন নাগরিক, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকসহ সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে পৌর কর্তৃপক্ষ।





























