
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
মাদক, সন্ত্রাস ও অপরাধ প্রতিরোধের পাশাপাশি থানা পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বৃদ্ধি এবং পুলিশি সেবা আরও জনবান্ধব করার লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) গুরুদাসপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হান্নানের সভাপতিত্বে সিংড়া-গুরুদাসপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নুর মোহাম্মদ, শিক্ষানবিশ এএসপি ফারুক হোসেন এবং গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) এসএম রিয়াজুল হাসান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাধারণ মানুষের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা শোনার পাশাপাশি অপরাধ দমনে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি জনগণ ও পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং যোগাযোগ আরও জোরদার করা প্রয়োজন।
ওপেন হাউস ডের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি পুলিশের কাছে তাদের সমস্যা ও অভিযোগ তুলে ধরার সুযোগ পান। এ ধরনের উদ্যোগ পুলিশি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





























