
সাআদ মাহমুদ, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা দুটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।শুক্রবার হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বানর দুটি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন পরিদর্শক অসীম মল্লিক।বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক দিয়ে দুটি বিপন্ন বন্যপ্রাণী পাচারের প্রস্তুতির খবর পেয়ে ইউনিটের একটি দল হালুয়াঘাটে অবস্থান নেয়। পরে সোর্সের মাধ্যমে জানা যায়, পাচারকারীরা হালুয়াঘাট বাসস্ট্যান্ড থেকে যাত্রীবাহী বাসে করে বানর দুটি নিয়ে যাওয়ার চেষ্টা করবে।খবরের ভিত্তিতে অভিযানিক দল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বাজারের একটি ব্যাগের ভেতরে থাকা বানর দুটি একটি পরিত্যক্ত দোকানের সামনে ফেলে পালিয়ে যায়। পরে অভিযানিক দলের সদস্যরা ব্যাগটি উদ্ধার করে দেখতে পান, এর ভেতরে দুটি লজ্জাবতী বানর রয়েছে।বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন পরিদর্শক অসীম মল্লিক বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। অভিযানের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”তিনি আরও বলেন, “হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকা হওয়ায় এ ধরনের বন্যপ্রাণী পাচারের আশঙ্কা রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। বন্যপ্রাণী আটক করে পাচার করা দণ্ডনীয় অপরাধ।”উদ্ধার করা বানর দুটি পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





























