
গোলাম রাব্বি,লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে পৃথক অভিযানে অনলাইন প্রতারণা ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, ৩ অক্টোবর রাত ১টা ৫ মিনিটে মনিহারপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ মোমিন আলী (২৫), মোঃ জাহাঙ্গীর আলম (২৬) ও মোঃ শিহাব উদ্দিন (১৯)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত।
একই রাতে রাত ১টা ৩০ মিনিটে মহারাজপুর (ফতেহপুর) এলাকায় অভিযান চালিয়ে মোঃ সিদ্দিক হোসেন (৩৭)-কে আটক করা হয়। তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশের দাবি, তিনি অনলাইন প্রতারণার পাশাপাশি অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া ও বেটিং পরিচালনার সঙ্গে জড়িত।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা হয়েছে। আটক চারজনকে ৩ অক্টোবর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





























