
মোঃ রায়হান মাহামুদ :
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেছেন, “মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ। একটি ছেলে মাদকে জড়িয়ে পড়লে শুধু তার জীবনই নষ্ট হয় না, শেষ হয়ে যায় বাবা-মায়ের স্বপ্ন ও তার ভবিষ্যৎ। তাই মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশ ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির জমিদাতা সদস্য মো. আল-আমিন দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেমিন আক্তার। অনুষ্ঠানের উদ্বোধন করেন তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদা সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইরশাদ মিয়া।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান এবং তুমলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হামিদুর রহমান।
উদ্বোধনী বক্তব্যে তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা জরুরি। এ লক্ষ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার বর্তমান পরিস্থিতি, শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং শিক্ষা কার্যক্রম আরও কার্যকর ও সুশৃঙ্খলভাবে পরিচালনার বিভিন্ন দিক তুলে ধরেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেমিন আক্তার বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য মানসম্মত, আনন্দময় ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলায় উৎসাহিত করতে তুমলিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দক্ষিণ সোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল ফুটবল, ক্রিকেট ব্যাট, বল, স্টাম্পসহ বিভিন্ন খেলাধুলার সরঞ্জাম। ক্রীড়া সামগ্রী পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সন্তোষ প্রকাশ করেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. রুস্তম আলী, ডা. মো. ইয়ামিন খান, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. সেলিম রেজা, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শতাধিক শিক্ষার্থী-অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





























