
নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মনিরুল ইসলাম রঞ্জু ওরফে ‘গালপোড়া রঞ্জু’কে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর রঞ্জুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি নারায়ণগঞ্জ নগরের আল্লামা ইকবাল রোড এলাকার কবির হোসেনের ছেলে।
গত ২৪ আগস্ট মো. জামাল (৪০) হত্যা মামলার রায়ে রঞ্জুকে মৃত্যুদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুন্নাহার সুমি। একই মামলায় অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০১১ সালের ১৩ জুলাই চাঁদপুরের মতলবের বাসিন্দা জামাল নিখোঁজ হন। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন এবং পরিবার নিয়ে ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। নিখোঁজের পাঁচ দিন পর ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, রঞ্জু নারায়ণগঞ্জ শহরের কয়েকটি হত্যা, হত্যার পর লাশ গুম, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলায় অভিযুক্ত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।





























