
মোঃ ইয়াছিন সরকার (কুমিল্লা), মুরাদনগর প্রতিনিধি কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৫ নম্বর নবীপুর পশ্চিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা ও মোহাম্মদ মোস্তফা সরকারের সমর্থকদের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আলোচনা শুরু হয়েছে। তাদের দাবি, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোহাম্মদ মোস্তফা সরকারকে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) হিসেবে দেখতে চান তাঁরা। সমর্থকদের মতে, মোহাম্মদ মোস্তফা সরকার দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে আগ্রহী হওয়ার মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন বলে মনে করেন তাঁর সমর্থকেরা। এ বিষয়ে মোহাম্মদ মোস্তফা সরকার বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আমি নির্বাচিত হলে সততা ও নিষ্ঠার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করব এবং সব সময় সাধারণ মানুষের পাশে থাকব।” স্থানীয়দের আশা, যোগ্য ও জনবান্ধব জনপ্রতিনিধি নির্বাচিত হলে ওয়ার্ডের অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও অন্যান্য নাগরিক সুবিধার আরও উন্নয়ন হবে।





























