
নারায়ণগঞ্জ সদর উপজেলায় বায়ুদূষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো, ফতুল্লার সস্তাপুর এলাকার জসিম উদ্দিন নিট কম্পোজিট লিমিটেড, যাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ফতুল্লার কাঠেরপুল এলাকার এস আর নিট ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এতে পুলিশ, র্যাব-১১ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জবাব টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।
অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





























