
এম এম ইউসুফ আলী স্টাফ রিপোর্টার :
প্রখ্যাত আলেমেদ্বীন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার সাবেক শায়খুল হাদীস লাখো আলেমের ওস্তাদ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ইব্রাহিম (রহ.)- এর ৬ষ্ঠ বার্ষিক ইছালে ছাওয়াব ও পবিত্র মিলাদুন্নবী (দ.) মাহফিল চৌদ্দগ্রাম উপজেলার দৌড়করা গ্রামে হুজুরের নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
হুজুরের পরিবারবর্গ ও এলাকাবাসীর আয়োজনে আয়োজিত মাহফিলে হুজুরের ছাত্র বৃন্দ সহ স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, হুজুরের বড় ছেলে ছাগলনাইয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা হোসাইন আহমদ, মেজ ছেলে পরশুরাম সাতকুচিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রশিদ আহমেদ, সেঝ ছেলে চিড়য়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সাইদ আহমেদ ও ছোট ছেলে আরবি বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মাওলানা মাসুদ বিন ইব্রাহিম।
এ উপলক্ষে পবিত্র খতমে কোরআন, খতমে তাহলিল, ওয়াজ নিসহত, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচকগন মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি মরহুম মুহাদ্দিস ইব্রাহিম (রহ.)-এর ইলমি ও দ্বীনি খেদমতের স্মৃতিচারণ করা হয়।
শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





























