
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুরে চলন্ত হাউসবোট থেকে পড়ে বৌলাই নদীতে রুকাইয়া নুর (১০) নামে এক শিশু পর্যটক নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেল আড়াইটার দিকে উপজেলার দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার ডা. শাহনুর রহমানের মেয়ে।
জানা যায়,রুকাইয়া নুরসহ প্রায় ২০ জন পর্যটক ‘সাফিনা এ লাক্সারী ওয়াটার ভিলা’হাউসবোটে করে মধ্যনগর থেকে যাদুকাটা নদীর উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে দক্ষিণকুল গোদারাঘাট এলাকায় বৌলাই নদীতে চলন্ত হাউসবোট থেকে হঠাৎ পানিতে পড়ে যায় রুকাইয়া।এরপর থেকেই তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বোটে থাকা পর্যটক সাজ্জাদ হোসেন সিয়াম জানান, মধ্যনগর থেকে হাউসবোটটি যাদুকাটার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল আনুমানিক আড়াইটার দিকে পরিবারের অগোচরে শিশুটি নদীতে পড়ে যায়। পরে বোটে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি।খবর পেয়ে বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নদীতে নৌযান ও বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে নিখোঁজ শিশুটির সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন,দুপুর আড়াইটার দিকে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার অভিযান শুরু করেন। শিশুটিকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রুকাইয়া নুরের সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে বৌলাই নদীতে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের অভিযান অব্যাহত রয়েছে।





























