
কবির হোসেন:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জ্বালানি তেল থাকার পরেও তেল বিক্রি বন্ধ রাখায় আবারও মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশন পেট্রোল পাম্পকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়। এরে আগে ২৭ মার্চ "তেল নেই" লেখা স্টিকার লাগিয়ে তেল বিক্রি বন্ধ রাখায় ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে এই পেট্রোল পাম্পে মিলেছিল ৯৭৮৩ লিটার জ্বালানি। তখন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তেল মজুত করে বিক্রি বন্ধ রাখায় দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিলো।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী জানান, মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে ৩ হাজর ২৬৯ লিটার পেট্রোল মজুত রেখে তেল বিক্রয় বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত ওই পাম্পে যায় এবং তেলের মজুত যাচাই করেন। এ সময় দেখা যায়, সেখানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুত রয়েছে।
তিনি আরও বলেন, মজুত থাকা সত্ত্বেও বিক্রি না করার অপরাধে ওই পেট্রোল পাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং মজুতকৃত পেট্রোল বিক্রয় কার্যক্রম শুরু করেন। তিনি আরো জানান, জনস্বার্থে এমন অভিযান আগামীতে অব্যহত থাকবে।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।




























