
জেলা প্রতিনিধি (ভোলা):
ভোলার লালমোহনে বাসা ভাড়া চাওয়া ও বাসা ছেড়ে দিতে বলার কারণে বাড়ির মালিককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে লালমোহন থানায় শনিবার (২১ নভেম্বর) সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মুক্তা বেগম (৩৪)।
মুক্তা বেগম। লালমোহন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়ানীগ্রাম এলাকার মো. আবুল কাশেমের মেয়ে।
অভিযুক্তরা হলেন মুক্তা বেগমের বড় ভাই মো. রাসেল (৪০) এবং তাঁর স্ত্রী মোসা. আরিয়া আক্তার সাথী (৩০)।
মুক্তা বেগম জানান, আমার বাবা দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত। একমাত্র ভাই আমাদের বাবা ও মায়ের কোন খোঁজ খবর রাখতেন না। সেই থেকে দীর্ঘ প্রায় ৯ বছর পর্যন্ত বাবা মা আমার সাথে থাকায় তাদের দেখভাল করে আসছি। হঠাৎ করে বাবার লিভার ক্যানসার ধরা পড়ে। এতে তার চিকিৎসার পিছনে ব্যয়বহুল টাকা খরচ হয়। তার চিকিৎসার জন্য আমর স্বামী বিভিন্নভাবে টাকা ধার দেনা করে তার চিকিৎসা ও ভরণপোষণসহ সকল ধরনের খরচ বহন করেন। বাবাসহ মাও আমাদের সাথে থাকেন।
বাবার অসুস্থতার পিছনে আমাদের ব্যাপক টাকা ব্যয় করায় আমার স্বামী বড় ধরনের ঋণগ্রস্ত হয়ে পড়েন। আমার স্বামীর এই ঋণগ্রস্ত দেখে বাবা আমাকে তার সম্পত্তি থেকে প্রায় ১৭ শতাংশ জমি দলিল দিয়ে দেন। তখন আমার ভাই ওয়েস্টার্ন পাড়ায় তার স্ত্রীকে নিয়ে একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করতো। আমাকে দলিল দেয়ার পর তিনি বিভিন্ন ভাবে আমাকে ধরপাকড় করলে আমি বাবা আমাকে দেয়া দলিল থেকে মানবিক দিক বিবেচনা করে ঘর করে থাকার জন্য তার নামে চৌহদ্দি দিয়া ৫ শতাংশ জমি দলিল করে দেওয়ার পর জায়গা মেপে তাকে বুঝিয়ে দেয়া হয়।
আমার জায়গায় আমি বাসা করে ভাড়া দিয়েছি। গত আগস্ট মাসে সে আমাকে বুঝিয়ে আমার বাসা ভাড়া নেয়। আমিও সরল মনে তাকে ভাড়া দেয়। কিন্তু বাসা ভাড়া নিয়ে সে বাসা ভাড়া না দিয়ে নয়ছয় শুরু করে। অক্টোবর মাস পর্যন্ত বাসা ভাড়া পরিশোধ করেননি। ভাড়া পরিশোধ করে বাসা ছেড়ে দেওয়ার কথা বললে উল্টো ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তা মানেননি তিনি।
মুক্তা বেগম আরো জানান, শনিবার (২১ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্তদের কাছে বকেয়া বাসা ভাড়া চাইতে একই সঙ্গে বাসা ছেড়ে দেওয়ার কথা বললে রাসেল ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে তাঁরা দুজনেই মিলে আমার উপর অতর্কিত ভাবে হামলা করে । এ সময় আমার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে মাথা ঘুরিয়ে তাৎক্ষণিক আমি মাটিতে লুটিয়ে পরে যায়। আমার চিৎকার শুনে স্থানীয়রা আমাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে বুমি করলে এবং আমার অবস্থা পর্যবেক্ষণ করে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত সিটি স্ক্যান করতে বলেন। আমি এই ঘটনার উপযুক্ত বিচার চাই।
অভিযোগের বিষয়ে মো. রাসেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওটা আমার বাসা। আমার বাবা বিদেশে থাকা অবস্থায় আমি বাসা করেছি। আমার বাসায় আমি ভাড়া থাকবো কেন? মুক্তা আমার বাবার থেকে সকল সম্পদ হেবা দলিল নিয়ে গেছে। এরপর আমাকে ৫ শতাংশ দলিল দিয়েছে । আমি সেখানে থাকি। মুক্তাকে মারার বিষয়ে তিনি বলেন, আমার স্ত্রীকে কারণে আমি তাকে একটি থাপড় দেই। এছাড়া প্রাণনাশের হুমকিসহ বাকী সকল অভিযোগ সঠিক নয়।
লালমোহন থানার এসআই মো. নুর আমিন জানান, এ ব্যাপারে লালমোহন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



























