
বিশেষ প্রতিনিধি:
ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে চট্টগ্রামের আনোয়ারায় উদযাপিত হয়েছে হযরত আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দীন শাহ্ (মাঃজিঃআঃ)-এর ৬৬তম খোশরোজ শরীফ। এ উপলক্ষে দরবারের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের বিনামূল্যে সুন্নাতে খতনা, কর্ণ ছেদন ও রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপকৃত হন শত শত শিশু-কিশোর ও শিক্ষার্থী।
আনোয়ারা উপজেলার ওষখাইন আলী নগর দরবার শরীফের মালেক মঞ্জিলের শাহী ময়দানে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। খোশরোজ শরীফ উপলক্ষে বর্ণিল পতাকা ও আলোকসজ্জায় সাজানো হয় দরবার প্রাঙ্গণ।
নায়েবে সাজ্জাদানশীন মাওলানা শাহরিয়ার কামাল সাদিব রজা (মাঃজিঃআঃ)-এর নির্দেশনায় পাক পাঞ্জাতন-এ রজা মালেকিয়া তোফায়েল সুন্নীয়া ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে এবং আশেক্বানে তাজেদারে মদিনা (দ.) দরবারে শাহ্ আলী রজা (রহ.) কমিটির ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল মালেক মঞ্জিল প্রবাসী পরিষদ।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, বিনামূল্যে সুন্নাতে খতনা, শিশুদের কর্ণ ছেদন, রক্তের গ্রুপ নির্ণয়, জিকির-সেমা, মিলাদ-কিয়াম, দরবারে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ মোনাজাত ও তাবারুক বিতরণ।
আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধের চর্চার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। সমাজের দরিদ্র পরিবারের শিশুদের বিনামূল্যে প্রয়োজনীয় সেবা দেওয়ার মাধ্যমে তাদের কিছুটা হলেও স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি মানবকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
এদিকে হযরত শাহ্ সুফি আলী রজা প্রকাশ কানু শাহ্ (রহ.)-এর জাহেরি নির্দেশিত মহান পৌষ বিষু ও বার্ষিক ওরশ মোবারক এবং আগামী ২৩ নভেম্বর (৮ অগ্রহায়ণ) হযরত শাহ্ সুফি তোফায়েল আহমদ মিয়া (রহ.)-এর বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ আয়োজনে দরবারের শত শত ভক্ত, মুরিদান ও আশেকান অংশ নেন। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও মানবিক উদ্যোগে দরবার প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আয়োজন যে মানুষের কল্যাণেও ভূমিকা রাখতে পারে, খোশরোজ শরীফের এ উদ্যোগে তারই প্রতিফলন ঘটেছে।




























