
৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠান-২০২৬-এর দাবা প্রতিযোগিতায় ঢাকা উপঅঞ্চলের মধ্যম বিভাগে রানারআপ হয়েছে নারায়ণগঞ্জের বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত হাসান নাবা। আজ শনিবার ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত ফাইনালে ঢাকার সাউথ পয়েন্ট স্কুলের সিদরাতুল মুনতাহার কাছে পরাজিত হয়ে রানারআপ হয় নাবা।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার প্রথম দিন শুক্রবার নাবা প্রথম রাউন্ডে ফরিদপুরের প্রতিযোগীকে পরাজিত করে। এরপর কোয়ার্টার ফাইনালে মাদারীপুরের এবং শনিবার সকালে সেমিফাইনালে ঢাকা জেলার প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে ওঠে সে। ফাইনালে সিদরাতুল মুনতাহা জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়।
শনিবার বিকেলে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের নাহার চেস একাডেমির শিক্ষার্থী নুসরাত হাসান নাবার এ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদিকা মিসেস আঞ্জুমান আরা আকসির, বিবি মরিয়ম গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এবং জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান।






































