
জাহাঙ্গীর আলম, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে দুটি অস্ত্র ও ২০ রাউন্ড কার্তুজসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১২টা ১০ মিনিটে উপজেলার ১৩ নম্বর বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আটক বিএসএফ সদস্যের নাম ইয়োগি। তিনি ভারতের উত্তর দিনাজপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, তিনি বাংলাদেশ সীমান্তের বিপরীতে ভারতের নয়াপাড়া বিএসএফ ক্যাম্পের ২ নম্বর ব্যাটালিয়নে কর্মরত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৬৩/৩-এস পিলারের আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিছনাকান্দি বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একটি রাইফেল, একটি শটগান ও ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়।
এদিকে, আটক বিএসএফ সদস্যকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতীয় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমেদ বলেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের বিছনাকান্দি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য অস্ত্রসহ বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে বিজিবির টহল দল তাকে আটক করে নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে ওই বিএসএফ সদস্য বিজিবির বিওপিতে রয়েছেন।
তিনি আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে কোনো ধরনের উত্তেজনা বা মুখোমুখি অবস্থার সৃষ্টি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আটক বিএসএফ সদস্যের বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





































