
মোঃ ওবাইদুল্লাহ চৌধুরী, বিশেষ প্রতিনিধি (চট্টগ্রাম)
মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিষিদ্ধ। আইন আছে, অভিযানও চলে। তবু থামছে না এসব যানবাহনের দৌরাত্ম্য। গ্রামীণ সংযোগ সড়ক দিয়ে প্রতিনিয়ত উঠে আসছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে। দ্রুতগতির বাস-ট্রাকের সঙ্গে একই সড়কে চলছে ধীরগতির এসব যান। এতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, ঘটছে প্রাণহানিও। সম্প্রতি পটিয়ার শান্তিরহাটে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ব্যাটারিচালিত রিকশাচালক। আহত হয়েছেন এক যাত্রী।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশে অবাধে চলাচল করছে ব্যাটারিচালিত অটোরিকশা। যাত্রী নিয়ে কখনো মহাসড়কের মূল লেন ধরে, আবার কখনো গ্রামীণ সংযোগ সড়ক থেকে সরাসরি উঠে আসছে এসব যানবাহন। বিপরীত দিক থেকে ছুটে আসা দূরপাল্লার বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ির সঙ্গে একই সড়কে চলাচল করায় তৈরি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি। বিশেষ করে রাতের বেলায় পর্যাপ্ত দৃশ্যমানতার অভাব এবং হঠাৎ সংযোগ সড়ক থেকে মহাসড়কে উঠে আসা অটোরিকশা দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়িয়ে তুলছে।
গত ১০ অক্টোবর রাত ১২টা ২০ মিনিটে মহাসড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকার পশ্চিম পাশে হোয়াইট প্লাস ক্লাবের সামনে দ্রুতগতির বাসের ধাক্কায় নিহত হন ব্যাটারিচালিত রিকশাচালক আবদুল হাকিম জিসান (২৫)। এ ঘটনায় আহত হন যাত্রী মো. হাসান (৩৮)। নিহত জিসানের বাড়ি সাতকানিয়া উপজেলার খাগরিয়া এলাকায়। তিনি পরিবার নিয়ে কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এ দুর্ঘটনার পর প্রশ্ন উঠেছে, মহাসড়কে এসব যানবাহন চলাচল নিষিদ্ধ থাকার পরও কীভাবে উঠছে? নিয়মিত অভিযান ও চেকপোস্ট থাকার পরও কেন নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি?
সড়কে চলাচলকারী পথচারী মো. সানাউল্লাহ বলেন, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও এসব যান অবাধে চলছে। মহাসড়কে বাসসহ অন্যান্য যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। এর মধ্যে ধীরগতির অটোরিকশা চলাচল করায় যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা এড়াতে এসব যানবাহনের চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপপরিদর্শক মো. সাকায়েত হোসেন বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে এসব যানবাহন আটক করা হয়। পরে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মামলা দেওয়া হচ্ছে। জব্দ করা যানবাহন ক্রসিং ফাঁড়ি বা ডাম্পিং গ্রাউন্ডে নেওয়া হয়।
তবে নজরদারিতে সীমাবদ্ধতার কথা স্বীকার করে তিনি বলেন, মহাসড়কের পটিয়া অংশে অনেক গ্রামীণ সংযোগ সড়ক এসে মিলেছে। পর্যাপ্ত জনবল ও টহল গাড়ির অভাবে প্রতিটি সংযোগপথে সার্বক্ষণিক পাহারা দেওয়া সম্ভব হয় না। পুলিশের গাড়ি একদিকে চলে গেলে অন্যদিক দিয়ে আবারও অটোরিকশাগুলো মহাসড়কে উঠে পড়ে। নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার কার্যক্রম চলমান থাকলেও জনবল সংকটে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল্লাহ আল নোমান পারভেজ বলেন, মহাসড়কের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। যেসব স্থানে দুর্ঘটনার আশঙ্কা বেশি, সেখানে গতিসীমা নির্দেশক, গতি নিয়ন্ত্রক ও সড়কের বিভিন্ন চিহ্নসহ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আসন্ন শীত মৌসুমে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে পর্যটকদের যাতায়াত বাড়বে উল্লেখ করে তিনি বলেন, মহাসড়কের কোথায় আরও সাংকেতিক চিহ্ন ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা যায়, তা নিয়ে কাজ চলছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দক্ষিণ চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে দূরপাল্লার বাস, ট্রাক, পণ্যবাহী যান ও ব্যক্তিগত গাড়ি চলাচল করে। এসব দ্রুতগতির যানবাহনের সঙ্গে ব্যাটারিচালিত রিকশার মতো ধীরগতির যান চলাচলে গতির বড় ব্যবধান তৈরি হয়। ফলে সামান্য অসতর্কতাও কেড়ে নিতে পারে প্রাণ।
সংশ্লিষ্টদের অভিযান ও সতর্কতামূলক উদ্যোগের পরও মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের চলাচল বন্ধ না হওয়ায় উদ্বেগ বাড়ছে। শুধু অভিযান বা সাইনবোর্ড স্থাপন নয়, গ্রামীণ সংযোগ সড়কগুলোর প্রবেশপথে নজরদারি, পর্যাপ্ত টহল এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি। অন্যথায় আইন ও নিষেধাজ্ঞা কাগজে-কলমে থাকলেও মহাসড়কে ঝুঁকি নিয়েই চলতে হবে যাত্রী ও পথচারীদের।





































